![]()
স্টাফ রিপোর্টার :
রাজশাহীর বাগমারার দুইজন মঙ্গলবার (২২সেপ্টেম্বর) পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এর মধ্যে এক ভ্যানচালক ও এক ব্র্যাক কর্মকর্তা রয়েছে।
রাজশাহী-নওগাঁ সড়কে ভ্যানচালক বাস চাপায় ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত ফারুক বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র । তিনি ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী। নিজের চার্জার ভ্যানে করে এলাকা থেকে মাছ ক্রয় করে বিভিন্ন হাটে বিক্রয় করতেন।
নিহত ফারুকের ৫ বছরেরর পুত্র সন্তান, স্ত্রী, বৃদ্ধ মা রয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ২২ সেপ্টেম্বর সকাল ৮. ৫০ মিনিটের দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সিঁদুর পানিয়া শ্মশান ঘাটির সামনে।
নিহত ফারুক সাবাইহাটে মাছ বিক্রি করে নিজ বাড়ীতে ফেরার পথে অজ্ঞাত বাস পিছন দিক থেকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। মরদেহটির সামনের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। মান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম মরদেহ উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম জানিয়েছেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
অপর দিকে একই দিন পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় আনোয়ার হোসেন (৪৬) নামে এক ব্র্যাক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া এলাকায় ব্র্যাকের কার্যালয়ে প্রোগ্রামার হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে দাশুড়িয়া বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, সকালে মাঠপর্যায়ে কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন আনোয়ার হোসেন। মুনশিদপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে অপর একটি বাস তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



